ভিডিও তৈরি করেই হাজার হাজার ডলার আয়ের সুযোগ দিতে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামের পরীক্ষামূলক এই কর্মসূচিতে ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণ করে ভিডিও পোস্ট করলে সর্বোচ্চ ৩ হাজার ডলার বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

এই কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটরদের ৩০ দিনের মধ্যে অন্তত ১৫টি নির্দিষ্ট দিনে একটি করে মৌলিক ভিডিও পোস্ট করতে হবে। ভিডিওগুলো হতে হবে ভার্টিক্যাল ফরম্যাটের এবং প্রতিটির দৈর্ঘ্য হতে হবে তিন মিনিটের কম।

তবে এই সুযোগ আপাতত সবার জন্য উন্মুক্ত নয়। এক্সের পক্ষ থেকে নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটররাই শুধু কর্মসূচিতে অংশ নিতে পারবেন। কারা এই সুযোগের জন্য যোগ্য হবেন, সে বিষয়ে বিস্তারিত মানদণ্ডও এখনো প্রকাশ করা হয়নি।

এই উদ্যোগের উল্লেখযোগ্য দিক হলো, বোনাস পাওয়ার ক্ষেত্রে ভিডিওর ভিউ বা এনগেজমেন্টকে প্রধান শর্ত করা হয়নি। অর্থাৎ, বিপুলসংখ্যক ভিউ না হলেও নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে বোনাস পাওয়ার সুযোগ থাকতে পারে।

যেসব কনটেন্ট ক্রিয়েটরকে আমন্ত্রণ জানানো হবে, তাঁরা এক্সের ‘ক্রিয়েটর স্টুডিও’-এর ‘প্রোগ্রামস’ বিভাগ থেকে কর্মসূচিতে যুক্ত হতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংখ্যক ভিডিও প্রকাশ করতে হবে।

অন্য প্ল্যাটফর্মে আগে প্রকাশিত নিজস্ব মৌলিক ভিডিওও এক্সে পোস্ট করা যাবে। তবে ভিডিওতে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকা চলবে না।

এই উদ্যোগের মাধ্যমে এক্সে ভিডিও কনটেন্টের পরিমাণ বাড়ানো এবং কনটেন্ট ক্রিয়েটরদের আরও বেশি ভিডিও প্রকাশে উৎসাহিত করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মসূচিটি পরীক্ষামূলক হওয়ায় এর শর্ত, যোগ্যতা ও ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে আরও তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে।