কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দলীয় নেতার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মোসলেম মোল্লা।

সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের কাছে এ অভিযোগ দেন মোসলেম মোল্লা।

লিখিত অভিযোগে মোসলেম মোল্লা দাবি করেন, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন রমিজ উদ্দিন লন্ডনী। এ ছাড়া তাঁকে তিনটি খাসিও দেওয়া হয়েছিল। তবে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা থাকায় তিনি আর দলীয় পদ নিতে চান না এবং নিজের দেওয়া টাকা ফেরত চান বলে অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে রমিজ উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে মোসলেম মোল্লা ও রমিজ উদ্দিন লন্ডনীর কথোপকথন শোনা যায় বলে দাবি করা হয়েছে। কথোপকথনে মোসলেমকে এক লাখ টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ তুলতে শোনা যায়। তিনি বলেন, কমিটির জন্য দেওয়া এক লাখ টাকার মধ্যে ৮০ হাজার ও ২০ হাজার টাকার বিষয়টি উল্লেখ করে তিনি আর সেখানে থাকবেন না বলে জানান।

জবাবে রমিজ উদ্দিনকে অপেক্ষা করতে বলেন। কমিটি হলে তাঁর নাম থাকবে বলেও কথোপকথনে তাঁকে বলতে শোনা যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রমিজ উদ্দিন লন্ডনী। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দলীয় ও সামাজিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ এসব অভিযোগ তুলেছে বলে দাবি করেন তিনি।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম। তিনি জানান, অভিযোগটি তদন্ত করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।