ব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখার কথা জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর পদত্যাগের পরপরই ক্ষমতা নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাঁর স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে উদ্ধৃতিটি পোস্ট করেন নুসরাত খান। পোস্টের সঙ্গে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেন তিনি।
মার্টিন লুথার কিং জুনিয়রের উদ্ধৃতিতে বলা হয়েছে, ‘Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.’
এর বাংলা অর্থ, যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, সেটিই ক্ষমতা।
নুসরাত খানের পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্তের প্রশংসা করেন এবং তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্যে কেউ কেউ বলেন, পদত্যাগের মধ্য দিয়ে ইশরাক দলীয় রাজনীতিতে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আবার অনেকে মনে করেন, মন্ত্রিত্ব হারালেও জনসমর্থনের মাধ্যমে তিনি ভবিষ্যতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
পোস্টের মন্তব্যে ইশরাকের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি তাঁর স্ত্রী নুসরাত খানের প্রতিও পরামর্শমূলক মন্তব্য করেন কয়েকজন। তাঁদের মতে, আইনজীবী হিসেবে নুসরাত তাঁর স্বামীকে আইনের মধ্যে থেকে রাজনৈতিক ও অন্যান্য কর্মকাণ্ড পরিচালনায় পরামর্শ দিতে পারেন।
ইশরাক হোসেনের পদত্যাগ এবং তাঁর স্ত্রীর এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। তবে পোস্টটির মাধ্যমে নুসরাত খান নির্দিষ্ট কোনো রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানিয়েছেন কি না, তা জানা যায়নি।









