ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলন আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে আয়োজকেরা এ তথ্য জানিয়েছেন।

প্রতিবছর আয়োজিত এ সম্মেলন আগামী ২৬ অক্টোবর শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। তবে সম্মেলনের নতুন তারিখ আগামী বছরের জন্য শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সম্মেলনের দশম আয়োজন হওয়ায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ অভিজ্ঞতা নিশ্চিত করতে চান তাঁরা।

সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের আদলে এফআইআই সম্মেলনকে অনানুষ্ঠানিকভাবে ‘মরুভূমির দাভোস’ বলা হয়। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বের করে পর্যটন, ক্রীড়া ও প্রযুক্তির মতো খাতে সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণেও সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্মেলনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সোলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্কের বক্তব্য দেওয়ার কথা ছিল।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরান-ঘনিষ্ঠ হুথি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত তীব্র হয়েছে। আনসারুল্লাহ নামেও পরিচিত হুথিরা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের সামরিক, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং শত শত মানুষ আহত হওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে।

সরকারি কর্মকর্তাদের ঘরে বসে কাজের নির্দেশ

হুথিদের ধারাবাহিক হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের ঘরে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা ও দুই পরামর্শক এ তথ্য নিশ্চিত করেছেন।

রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার ভবনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি আঞ্চলিক কার্যালয় রয়েছে। নিরাপত্তার কারণে ওই ভবনের কর্মীদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসে না আসার অনুরোধ জানানো হয়েছে।

গত রোববার রাজধানীর একটি সরকারি সংস্থার এক কর্মীকে পাঠানো বার্তায় জানানো হয়, চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূরবর্তীভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মীদের স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া, মার্কিন বিভিন্ন বড় প্রতিষ্ঠানের কার্যালয় থাকা কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের কয়েকটি কোম্পানিও কর্মীদের ঘরে বসে কাজ করার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে।