শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়ন ও সম্প্রসারণে জাতীয় পলিসি কাউন্সিল এবং জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এসব কমিটি সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা, তদারকি, পরামর্শ ও নির্দেশনা দেবে। কমিটিগুলোতে সরকারি কলেজের অধ্যক্ষ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অন্তর্ভুক্ত করার নির্দেশনা রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করে। এতে কমিটি গঠন ও দায়িত্ব বণ্টনের বিধান রাখা হয়েছে। কার্যক্রমের অস্পষ্টতা দূর করা, অগ্রগতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট গ্রাহকদের প্রশিক্ষণ দেওয়াও কমিটিগুলোর দায়িত্বের মধ্যে রয়েছে।

অধ্যাদেশের ১১ ধারায় জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠনের কথা বলা হয়েছে। এসব কমিটিতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রকৌশল বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বা কোম্পানির প্রতিনিধিরা থাকবেন।

জেলা পর্যায়ের কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। কমিটির সদস্যদের মধ্যে থাকবেন পুলিশ সুপার, প্রযোজ্য ক্ষেত্রে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, বিভাগীয় বন কর্মকর্তা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।

এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বা পৌর নির্বাহী কর্মকর্তা এবং বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বা কোম্পানির প্রতিনিধিরা কমিটিতে থাকবেন। সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানির জেলা প্রধানদের মধ্য থেকে একজন সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কমিটিতে ইউএনওর মনোনীত সংশ্লিষ্ট উপজেলার কোনো সরকারি কলেজের অধ্যক্ষ (যদি থাকেন), সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা থাকবেন।

এ ছাড়া ইউএনওর মনোনীত সংশ্লিষ্ট উপজেলার কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (যদি থাকেন), উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বা কোম্পানির প্রতিনিধিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বা কোম্পানির উপজেলা প্রধানদের মধ্যে যে প্রতিষ্ঠানের গ্রাহকসংখ্যা বেশি, সেই প্রতিষ্ঠানের উপজেলা প্রধান সদস্যসচিব হবেন।

অধ্যাদেশ অনুযায়ী, উপজেলা কমিটি প্রয়োজনে যেকোনো উপযুক্ত ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।

জেলা কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট জেলায় বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা, অগ্রগতি পর্যবেক্ষণ, পরামর্শ ও নির্দেশনা দেওয়া। বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা দেখা দিলে তা দূর করতে হবে। পাশাপাশি প্রতি তিন মাস অন্তর কার্যক্রমের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন জাতীয় পলিসি কাউন্সিলের কাছে পাঠাতে হবে।

এ ছাড়া কার্যক্রম-সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তি, গ্রাহকদের প্রশিক্ষণ দেওয়া এবং অগ্রগতি সম্পর্কে তাঁদের অবহিত করার দায়িত্বও পালন করবে জেলা কমিটি।

অন্যদিকে, উপজেলা কমিটি নিজ নিজ এলাকায় সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা, পর্যবেক্ষণ, পরামর্শ ও নির্দেশনা দেবে। পাশাপাশি কার্যক্রম-সংশ্লিষ্ট দলিলাদি সংরক্ষণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করার দায়িত্ব পালন করবে। উপজেলা কমিটিকে প্রতি মাসে জেলা কমিটির কাছে অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে হবে।

কার্যক্রম-সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তি, প্রয়োজনে বিরোধ জেলা কমিটির কাছে পাঠানো এবং সংশ্লিষ্ট গ্রাহকদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বও উপজেলা কমিটির ওপর থাকবে।