বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও আপাতত এর প্রভাবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপ ও আমবাগানে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমাগত শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে চলতি মাসের শেষ দিকে দেশের উপকূলীয় এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস) ইউনিটের উপপরিচালক উর্মী আহসান জানান, সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়া একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। বর্তমানে কৃষকদের আগাম সতর্ক করা বা আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
তিনি জানান, এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আনুষ্ঠানিক বার্তা পাওয়া গেলে তা কৃষি আবহাওয়া তথ্য সেবার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ ছাড়া গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সরকারি অনুমোদিত সংস্থার দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।









