বান্দরবান জেলা শহরের বালাঘাটায় তাবলিগি মারকাজ মসজিদ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
শুক্রবার (২৩ অক্টোবর) পরিদর্শনকালে তিনি স্থানীয় মারকাজ মসজিদ ও তাবলিগ জামাতের মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বান্দরবানে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
এ ছাড়া আগামী ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠেয় বান্দরবান জেলা ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ধর্ম, বর্ণ, জাতি ও গোত্রনির্বিশেষে এ অঞ্চলের প্রতিটি নাগরিকের সমঅধিকার নিশ্চিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সবার অধিকার নিশ্চিত করার মাধ্যমে উন্নয়ন ও শান্তির পরিবেশ আরও সুদৃঢ় করা সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তাবলিগ জামাতের জেলা আমির ওসমান গনি, বান্দরবান জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ, ইজতেমার জন্য জমি দানকারী কামাল মেম্বার, জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, মারকাজ মসজিদ কমিটির নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।









