কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। দেশের ও জনগণের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, গত ১৭ বছর পুলিশ বিভাগ যেভাবে পরিচালিত হয়েছে, সেভাবেই চলেছে। এখন নির্বাচিত সরকার হিসেবে জনগণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করতে হবে। কোনোভাবেই ব্যক্তিগতভাবে কেউ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে পারবেন না। দেশের ও জনগণের স্বার্থে তাদের কাজ করতে হবে। এটি নির্বাচিত সরকারের জন্য বড় দায়িত্ব, কারণ নির্বাচিত সরকারের জনগণের কাছে জবাবদিহি রয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের কোনো জবাবদিহি ছিল না। তারা যখন যা ইচ্ছা, প্রয়োজন অনুযায়ী তা করেছে। এতে স্বর্ণ ব্যবসায়ী, অন্যান্য ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ প্রত্যাশিতভাবে উপকৃত হননি। এ কারণেই ভোটের অধিকারকে অগ্রাধিকার দিয়ে আন্দোলন করতে হয়েছে।

মন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের ভিত্তি যত শক্তিশালী হবে, ব্যবসা-বাণিজ্য ও মানুষের অবস্থান তত বেশি সুদৃঢ় হবে।

দেশের অর্থনীতি শক্তিশালী করতে সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে চলবে না, সবাইকে দেশপ্রেমিক হতে হবে এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। স্বর্ণ ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে।

তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। প্রতিটি ব্যবসা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল। তাই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খান। সঞ্চালনা করেন বাজুসের লক্ষ্মীপুর জেলা কমিটির চেয়ারম্যান সমীর কর্মকার।

এ সময় উপস্থিত ছিলেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাজুসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ এবং সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।