বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ দাবি করেছেন, কয়েকজনের ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে জানা গেছে, তাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে নেওয়া আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঘটনার দিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাদের ধাওয়া করেন। তখন তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি সেখান থেকে পালিয়ে যান।
এদিকে, তুরাগ নদের যে স্থান থেকে সাবেক এই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়, তার কাছাকাছি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মোটরসাইকেলটি নিহত তাহসিফ সাউরির কি না, তা যাচাই করে দেখছে পিবিআই।









