সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করায় ঢাকা-সৌদি রুটে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত এই রুটের মোট ১৫৯টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, ইন্ডিগো এয়ারের ৩০টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
এতে সৌদিগামী ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।
এর আগে, হুথিদের হামলার পর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসও রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।









