টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দরে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

বাজুসের ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৯ হাজার ১২৫ টাকায়। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে এই মানের সোনার দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা।

একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১০৮ টাকা।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।