চাকরি থেকে অপসারিত হওয়ার সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) যোগ দিয়েছেন মো. শরীফ উদ্দিন। চাকরিতে ফিরে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।’

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যোগদানের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শরীফ উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘এ জন্য কমিশন ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আদালত, গণমাধ্যম ও দুদকের সব কর্মকর্তা-কর্মচারীসহ আমার দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।’

দুদকের উপসহকারী পরিচালক পদ থেকে সাড়ে চার বছর আগে তাঁকে অপসারণ করা হয়েছিল। পরে সেই আদেশ প্রত্যাহার করে জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল করা হয়। এ বিষয়ে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিধি অনুযায়ী শরীফ উদ্দিন জ্যেষ্ঠতা এবং সব বকেয়া বেতন-ভাতা পাবেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তৎকালীন এই কর্মকর্তা।

তাঁর চাকরিচ্যুতির ঘটনায় সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনও করেন।

চাকরিচ্যুতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। কোনো কারণ দর্শানো ছাড়াই কর্মীকে অপসারণের সুযোগ রাখা দুদক কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন।

চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকে বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল।

তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছর লিভ টু আপিল করে দুদক। পরে সংস্থাটি সেই আবেদন প্রত্যাহারের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্য দিয়ে শরীফ উদ্দিনের জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহালের পথ তৈরি হয়।