স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পাসের বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখছে সরকার। কেউ প্রকৃত অর্থে শিক্ষানুরাগী হলে বিএ পাস না করেও এ পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিলের বিষয়টি বিবেচনা করা হয়েছে।

তিনি জানান, কেউ সত্যিকার অর্থে শিক্ষানুরাগী হলে তাঁকে বিএ পাস হতে হবে—এমন বাধ্যবাধকতা রাখা হবে কি না, তা বিবেচনার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আবেদন পর্যালোচনা করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা নিয়েও সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিক্ষকদের বদলির ক্ষমতা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির বিষয়টি মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হবে।