শিক্ষাজীবনে অবদান রাখা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং কর্মজীবনে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু কর্মসংস্থান বা অর্থনৈতিক সাফল্য অর্জন নয়, বরং মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠা। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত।

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নবীন স্নাতকদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, তাঁদের সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক, বন্ধু ও সমাজের অনেক মানুষের অবদান রয়েছে। এমনকি গৃহসহায়ক, রিকশাচালক ও নিরাপত্তাকর্মীরাও তাঁদের শিক্ষাজীবনের পথ সহজ করতে ভূমিকা রেখেছেন। তাই সবার অবদান স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

তিনি বলেন, নৈতিকতাহীন শিক্ষা মানুষকে দক্ষ করতে পারে, কিন্তু সেই দক্ষতা মানবকল্যাণে ব্যবহারের দিকনির্দেশনা দিতে পারে না। তাই পেশাগত দক্ষতার পাশাপাশি চরিত্র, প্রজ্ঞা, বিবেক ও মানবিক গুণাবলির বিকাশ জরুরি। জীবনে বড় সাফল্য অর্জন করলেও সততা ও ন্যায়বোধ বিসর্জন দেওয়া যাবে না।

দেশের অর্থনৈতিক লক্ষ্য তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং এক কোটি নতুন উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টি দেশের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা, সততা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি গবেষণার সুযোগ বৃদ্ধি, শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন এবং সমাবর্তন বক্তা হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত উপস্থিত ছিলেন।

নবীন স্নাতকদের অভিনন্দন জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, তাঁদের মেধা, উদ্ভাবনী শক্তি ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে সমৃদ্ধ, মানবিক ও আলোকিত বাংলাদেশ গড়ে উঠবে।