বিমানের নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজের মেয়াদ শেষে ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের তালিকা চেয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।

একই সঙ্গে উড়োজাহাজ কেনার পর পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ষষ্ঠ বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ি রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগের বৈঠকের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ কেনা ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‌্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে অডিটে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তা বিমানের হিসাব ব্যবস্থায় জমা হয়নি বলে অডিটে উল্লেখ করা হয়েছে।

এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের সব তথ্য-উপাত্ত নিরীক্ষকদের সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার কারণে আর্থিক ক্ষতির বিষয়টিও অডিটে উঠে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে চুক্তি অনুযায়ী কার্যাদেশের সব সেবা সরবরাহ না করা হলেও সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লিজ নেওয়া দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের কাছে উপস্থাপন করতে না পারার বিষয়েও আলোচনা হয়। এ-সংক্রান্ত সব নথি ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে জমা দিতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগও পর্যালোচনা করেছে কমিটি। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত এক মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলে থাকা অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হয়। অর্থ আদায়সংক্রান্ত ৪৫টি আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তির বিপরীতে অর্থ আদায়ের দাবি করলেও এর স্বপক্ষে বৈধ ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেনি। ফলে অডিট বিভাগ এসব দাবি গ্রহণ করেনি।

এসব অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ি অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি জানিয়ে সুনির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনাসহ এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি।

বৈঠকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।