অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা হওয়ায় সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়, রায়হান হাবিব আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে একই পদে কর্মরত রয়েছেন।

তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ)-এ বর্ণিত অসদাচরণের সংজ্ঞাভুক্ত অপরাধ এবং বিধি ৩(খ)-এ উল্লেখিত অসদাচরণ ও ৩(ঘ)-এ বর্ণিত দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে ০৬/২০২৬ নম্বর বিভাগীয় মামলা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিভাগীয় মামলা চলাকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী খোরাকি ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।