দেশের অর্থনীতিকে আইসিইউতে রেখে পতিত সরকার পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি, তলানিতে থাকা রাজস্ব আহরণ এবং বিশাল ঋণের বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছে বর্তমান সরকার। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির গতি ফেরাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থনীতির বর্তমান পরিস্থিতি, রাজস্ব আদায়, ব্যাংকিং খাত, ঋণের বোঝা, বিনিয়োগ ও সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা।
ড. তিতুমীর বলেন, ‘আমরা এমন একটা অর্থনীতি পেয়েছি, যেটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সর্বক্ষেত্রেই এটা হয়েছে। ব্যাংক খাতকে উদ্ধারের জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অর্থাৎ, একটা অর্থনীতিকে আইসিইউতে রেখে তারা পালিয়ে গেছে।’
তিনি বলেন, দেশের অর্থনীতির দুটি বড় চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ রাজস্ব আহরণের নিম্ন হার এবং ঋণের বিশাল বোঝা। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের হার মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন পর্যায়ের এবং বৈশ্বিক বিবেচনাতেও তলানিতে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে ২০৩০ সালের মধ্যে জিডিপির অনুপাতে রাজস্ব আহরণের হার ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির অনুপাতে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
উপদেষ্টা বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীরাও জানে, সরকার নিজস্ব উদ্যোগে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে।
ঋণের বোঝা ও রাজস্ব সংস্কার
ড. তিতুমীর বলেন, আগের সরকারের আমলে ঋণের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে। ২০০৯ সাল থেকে হিসাব করলে ঋণের পরিমাণ বেড়েছে ৩২৩ শতাংশ। ঋণের তিনটি প্রধান ধরন রয়েছে—সরকারি ঋণ, সরকারের গ্যারান্টি দেওয়া ঋণ এবং বেসরকারি খাতের ঋণ। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুন নাগাদ সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯০ বিলিয়ন ডলার।
তিনি জানান, ঋণের সুদ ও আসল পরিশোধে ইতোমধ্যে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এ চাপ আরও বাড়বে। কোনো কোনো হিসাবে ২০৩০ সাল নাগাদ ঋণ পরিশোধের পরিমাণ ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
এ পরিস্থিতি মোকাবিলায় আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন করের (ভ্যাট) জন্য পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব উদ্যোগের ফলে রাজস্ব আহরণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, ২০২৩-২৪ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫ শতাংশ। বর্তমান সরকারের উদ্যোগে তা বেড়ে ১২ দশমিক ০৩ শতাংশে উন্নীত হয়েছে। গত অর্থবছরের শেষ দিকে কাস্টমস হাউসগুলোতে দেশের ইতিহাসে সর্বোচ্চ শুল্ক আদায় হয়েছে। আয়কর আদায়েও একই ধরনের অগ্রগতি অর্জনের চেষ্টা চলছে।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব রাজস্ব আদায়েও পড়ছে বলে জানান তিনি। তা সত্ত্বেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করছে।
রাজস্ব প্রশাসনের প্রাতিষ্ঠানিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশের উপযোগী রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। এর ভিত্তিতে রাজস্ব আহরণ বিভাগ ও রাজস্ব নীতি বিভাগ নামে দুটি পৃথক বিভাগ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে নেওয়ার লক্ষ্য
অর্থনীতিকে সচল করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলে জানান ড. তিতুমীর। এর মধ্যে রয়েছে সরকারি উন্নয়ন ব্যয় বাড়ানো, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি, রেমিট্যান্সের প্রবাহ জোরদার এবং দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো।
তিনি বলেন, বর্ষাকালে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কাজ যথাযথভাবে বাস্তবায়ন করা কঠিন হয়। এ কারণে অর্থবছর পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এডিপি বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। জুন মাসে তাড়াহুড়ো করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার।
বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করা জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি প্যাকেজ ঘোষণা করেছে। এর এক-পঞ্চমাংশ ঋণ ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, উত্তরাধিকারসূত্রে বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এসব মানুষকে সহায়তা দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য সমীক্ষা চলছে। দরিদ্র ও হতদরিদ্র মানুষকে এ কর্মসূচির আওতায় আনার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের সহায়তায় ফার্মার্স কার্ড কর্মসূচিও নেওয়া হয়েছে।
ড. তিতুমীর বলেন, ‘অর্থনীতির চাকা ঘুরবে চারটি কারণে—প্রথমত, বিনিয়োগ; দ্বিতীয়ত, সরকারি ব্যয়; তৃতীয়ত, ভোগ এবং চতুর্থত, রপ্তানি আয়।’ এসব ক্ষেত্রেই সরকার সমন্বিতভাবে কাজ করছে।
তিনি জানান, রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের (পিএমআই) বিভিন্ন সূচকও অর্থনীতির সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে। বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আস্থাও বাড়ছে। চীন চট্টগ্রামে তাদের অর্থনৈতিক শিল্পাঞ্চলে বিনিয়োগ শুরু করেছে। জাপানের বিনিয়োগকারীরাও বাংলাদেশে উৎপাদন ও বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।
প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং হাব এবং রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ জন্য বেসরকারি খাতে বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জ্বালানির মূল্যবৃদ্ধিসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও চলতি অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের আশা করছে সরকার বলে জানান তিনি। আইএমএফ ও বিশ্বব্যাংকের পূর্বাভাসে সংস্কার না হলে অর্থনৈতিক পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা তুলে ধরা হয়েছে। তবে বর্তমান সরকার নিজস্ব উদ্যোগে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে এবং বহুপাক্ষিক সংস্থাগুলোও এসব কর্মসূচিতে সহায়তা দিতে আগ্রহী।
পরিসংখ্যান উন্মুক্ত করার উদ্যোগ
রাজস্ব আদায় ও অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশে স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. তিতুমীর বলেন, সরকার তথ্য গোপন করছে না। আয়কর, শুল্ক ও ভ্যাট আদায়ের তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। ভবিষ্যতে উন্মুক্ত তথ্যনীতি অনুসরণ করে পরিসংখ্যান প্রকাশের ব্যবস্থা আরও জোরদার করা হবে।
তিনি বলেন, আগে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার দেখানো হতো ১১ শতাংশ। কিন্তু ফরেনসিক অডিটের পর তা বেড়ে ৩৫ দশমিক ৭২ শতাংশ পাওয়া গেছে। প্রকৃত চিত্র তুলে ধরতে তথ্যের যথার্থতা নিশ্চিত করা জরুরি।
রেমিট্যান্স ও রাজস্ব আদায়ের নিয়মিত পরিসংখ্যান প্রকাশের বিষয়ে তিনি বলেন, আইবাস ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন সরকারি আয়-ব্যয়ের তথ্য পাওয়া যাচ্ছে। তবে এ ব্যবস্থারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো দূর করে নিয়মিত পরিসংখ্যান প্রকাশের জন্য কাজ চলছে।
জিডিপির তথ্য যাচাইয়ে ফরেনসিক অডিট
দেশের জিডিপির হিসাব এবং কর-জিডিপি অনুপাত নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জিডিপির তথ্যের যথার্থতা যাচাইয়ে ফরেনসিক অডিট করা হয়েছে। স্বাধীন গবেষকেরা বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে এ অডিট করেছেন। পরে বিভিন্ন মত ও পথের দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের নিয়ে পিয়ার রিভিউ করা হয়েছে।
তিনি জানান, এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। সেখানে জিডিপির হিসাব ও কর-জিডিপি অনুপাতসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হবে। উপদেষ্টার ভাষ্য, ‘আমাদের তথ্য সঠিক করতে হবে। এর সঙ্গে রাজনীতি জড়ানো যাবে না।’
করদাতাদের হয়রানি কমাতে ডিজিটাল ব্যবস্থা
করদাতাদের হয়রানি, ভ্যাট ফেরত ও কর পরিপালন নিয়ে প্রশ্নের জবাবে ড. তিতুমীর বলেন, করদাতাদের আস্থা বাড়াতে রাজস্ব প্রশাসনে সংস্কার করা হচ্ছে। এ ক্ষেত্রে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, করদাতাদের অযথা হয়রানি বন্ধ করা এবং দ্বিতীয়ত, রাজস্ব ব্যবস্থার ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা।
তিনি বলেন, ঝুঁকিভিত্তিক অডিট ব্যবস্থা যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যালোচনা করা হবে। ভ্যাট ব্যবস্থার ডিজিটালাইজেশন কতদূর এগিয়েছে, সেটিও যাচাই করা হচ্ছে। এ জন্য রাজস্ব প্রশাসনের প্রতিটি উইংয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
বড় করদাতাদের পাশাপাশি ক্ষুদ্র করদাতাদের মতামতও নেওয়া হচ্ছে। করদাতাদের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
জ্বালানি ও উৎপাদনমুখী শিল্পে করনীতির গুরুত্ব
জ্বালানির ওপর নতুন করে এক্সাইজ ডিউটি আরোপের সম্ভাবনা এবং মূল্যস্ফীতির ওপর এর প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচির আওতায় বর্তমানে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে। এরপর মিশন পর্যায়ে আলোচনা হবে। সবশেষে নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়গুলো চূড়ান্ত করে বোর্ডে উপস্থাপন করা হবে। অর্থাৎ, এ বিষয়ে এখনো আলোচনা চলছে।
কর অব্যাহতি ও কর-জিডিপি অনুপাত প্রসঙ্গে তিনি বলেন, সরকারের করনীতি হবে ন্যায্যতাভিত্তিক। একদিকে রাজস্ব আহরণ বাড়াতে হবে, অন্যদিকে সাধারণ মানুষের ওপর করের চাপ কতটা পড়ছে, সেটিও বিবেচনায় রাখতে হবে।
তিনি বলেন, ‘আমাদের নীতি হলো, করের হার বাড়ানো। একই সঙ্গে উৎপাদনমুখী শিল্পকে সহায়তা করা।’ জনগণের প্রয়োজনীয় পণ্য ও পরিবেশবান্ধব খাতকে উৎসাহিত করতে বিভিন্ন ক্ষেত্রে কর কমানো হয়েছে। বৈদ্যুতিক যানবাহন ও সৌরবিদ্যুতের ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারমূল্য বাড়লেও গ্রাহক পর্যায়ে একই হারে দাম বাড়ানো হয়নি। বিদ্যুতের ক্ষেত্রেও ব্যবহারভিত্তিক পৃথক ও ন্যায্য মূল্যনীতি অনুসরণ করা হচ্ছে। এসব সিদ্ধান্তে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ
রাজস্ব আহরণে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ড. তিতুমীর বলেন, বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে হবে। বিশেষ করে আর্থিক বিবরণী বিশ্লেষণ, আন্তর্জাতিক ব্যবসা এবং ট্রান্সফার প্রাইসিংয়ের মতো জটিল বিষয় বোঝার সক্ষমতা তৈরি করা জরুরি।
তিনি বলেন, ভবিষ্যতে যেসব কর্মকর্তা নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করবেন, তাঁদের মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়া হবে। একই সঙ্গে সরকারি ও রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহিও বাড়াতে হবে।
বৈশ্বিক উৎপাদন ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর হিসাব-নিকাশ ও লেনদেনের বিষয়গুলো বুঝতে সক্ষম দক্ষ জনবল প্রয়োজন। এ জন্য রাজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও সরকার কাজ করছে।
দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধির পথে নিতে রাজস্ব সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ ও সামাজিক সুরক্ষার উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।








