পলাতক নেত্রীর দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, স্বৈরাচারের কিছু প্রেতাত্মা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিহত করতে হবে।

জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে পরিবেশন করা হয় টুর্নামেন্টের থিম সং।

আমিনুল হক বলেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। যারা এখনো স্বৈরাচারী নেত্রীর ফিরে আসার স্বপ্ন দেখছেন, তারা বোকার রাজ্যে বাস করছেন।

তিনি বলেন, ‘যে নেত্রী আপনাদের রেখে পালিয়ে গেছেন, তার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না। কোনো অন্যায়কারী ও বিশৃঙ্খলাকারীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।’

বিগত সরকারের সমালোচনা করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ওই সরকারের আমলে বহু নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের শরীরে এখনো নির্যাতনের ক্ষতচিহ্ন রয়েছে।

আগামী প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে মননশীলতা ও ধৈর্য বাড়াতে হবে। একই সঙ্গে সামাজিক শৃঙ্খলা বজায় রেখে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে রাষ্ট্রীয় সহায়তায় প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি’র প্রথম আসরে ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করা হবে। তাদের পড়াশোনা ও খেলাধুলার সব দায়িত্ব সরকার নেবে।

মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বেড়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, শিশু-কিশোরদের মোবাইল ও অন্যান্য ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ জাতি গঠন, সমাজকে সুশৃঙ্খল রাখা এবং মাদকমুক্ত পরিবেশ তৈরিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও সরকার পরিকল্পনা করছে। খেলাধুলা ছেড়ে দেওয়ার পর তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে উন্নয়নমূলক কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে উপজেলায় খেলার মাঠ তৈরি করা হবে। সব ইউনিয়নের মাঠের তথ্য সংগ্রহ করে সেগুলো যাচাইয়ের পর খেলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকেরা জানান, যুবসমাজকে মাঠমুখী করা এবং তৃণমূল থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় রানীনগর উপজেলা ২-১ গোলে মান্দা উপজেলাকে পরাজিত করে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, ডা. ইকরামুল বারী টিপু ও জাহিদুল ইসলাম ধলু। এ ছাড়া ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।