পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে জামিনে মুক্তি পেলেও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশটি ছাড়তে দেওয়া হবে না। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংসদে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমিরাতের সরকারি কৌঁসুলির আদেশে বেনজীর জামিনে মুক্তি পেয়েছেন। তবে চলমান প্রত্যর্পণ কার্যক্রমের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
তিনি জানান, বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। ওই অনুরোধ পর্যালোচনার পর আমিরাত দুই দফায় অতিরিক্ত তথ্য ও আইনি নথি চেয়েছে। বাংলাদেশ সেসব নথি পাঠানোর ব্যবস্থা নিয়েছে।
গ্রেফতারের পরই প্রত্যর্পণের অনুরোধ
স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত বিবৃতি অনুযায়ী, বাংলাদেশের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর তদন্তকারী সংস্থার অনুরোধে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।
বেনজীরের গ্রেফতারের তথ্য জানানোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ২০০৬ সালের ৩৯ নম্বর ফেডারেল আইনের ১১ অনুচ্ছেদ অনুযায়ী কূটনৈতিক মাধ্যমে তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাতে বাংলাদেশকে জানায়।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়সীমার অপেক্ষা না করে বেনজীরের গ্রেফতারের খবর পাওয়ার চার দিনের মধ্যেই আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়। একই দিন তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য অনুরোধের অনুলিপি আবুধাদির এনসিবিতেও পাঠানো হয়।
প্রত্যর্পণ হলো বিচারের জন্য কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আইনি প্রক্রিয়া।
দুই দফায় অতিরিক্ত নথি চেয়েছে আমিরাত
বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনার পর আমিরাতের বিচার মন্ত্রণালয় চারটি বিষয়ে অতিরিক্ত তথ্য ও নথি চায়। এসব নথি প্রস্তুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক), সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ এবং ঢাকার এনসিবি সমন্বিতভাবে কাজ করে।
পরে আবুধাবির এনসিবিকে বেনজীরের ওপর নজরদারি বজায় রাখার অনুরোধ জানায় ঢাকা এনসিবি। একই সঙ্গে আমিরাতের অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে সতর্কতা বজায় রাখা, তার অবস্থান নিশ্চিত করা এবং আইনি বা অভিবাসনসংক্রান্ত অবস্থার পরিবর্তন হলে দ্রুত বাংলাদেশকে জানানোর অনুরোধ করা হয়।
আমিরাতের চাওয়া অতিরিক্ত তথ্য ও সহায়ক নথি কূটনৈতিক মাধ্যমে পাঠায় বাংলাদেশ। পরে দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ আরও সুনির্দিষ্ট আইনি ব্যাখ্যা চায়। এর মধ্যে বাংলাদেশের আইনে মামলা দায়েরের নির্ধারিত সময়সীমা, দণ্ডের মেয়াদ এবং সংশ্লিষ্ট আইনের পূর্ণাঙ্গ পাঠ চাওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন ও বিচার বিভাগ এবং দুদকের মতামত নেওয়ার পর প্রয়োজনীয় সত্যায়ন ও আরবি অনুবাদসহ নথি আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
‘প্রত্যর্পণ প্রক্রিয়া বন্ধ হয়নি’
বেনজীরের জামিনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমিরাতের নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতায় তাকে জামিন দেওয়া হয়েছে। তবে এর অর্থ বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান করা হয়েছে, এমন নয়।
তিনি বলেন, কোনো ব্যক্তির জামিনে মুক্তি পাওয়া মানেই প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নয়। ইন্টারপোলের রেড নোটিশ জারি বা কোনো ব্যক্তিকে গ্রেফতার করলেই তাকে স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশে ফেরত পাঠানো যায় না। আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত দেশটির আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে।
এ ক্ষেত্রে অপরাধের ধরন, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণ এবং অন্যান্য আইনি শর্ত বিবেচনা করা হয়। প্রত্যর্পণ প্রক্রিয়ার আইনি ধাপগুলো শেষ করতে সময় লাগাকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে দেখা ঠিক হবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে। তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
বিদেশে বেনজীরের সম্পদের তথ্য চেয়েছে দুদক
বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ জন্য বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ প্রক্রিয়ায় এক দেশের তদন্তকারী সংস্থা অন্য দেশের কর্তৃপক্ষের কাছে তদন্ত ও বিচারকাজের জন্য প্রয়োজনীয় তথ্যপ্রমাণ চেয়ে থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশ থেকে নথি ও তথ্যপ্রমাণ পাওয়া গেলে বেনজীর ও তার পরিবারের সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতার নিয়ম অনুসরণ করা হবে।
পাসপোর্ট জালিয়াতির মামলাও তদন্তাধীন
বেনজীরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুদকের করা একটি মামলার বিষয়েও সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বেনজীরের বিরুদ্ধে মামলার পটভূমি
আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের প্রভাবশালী কর্মকর্তা ছিলেন বেনজীর আহমেদ। তিনি র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বও পালন করেন। পরে তিনি পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার ও পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশের পর দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপর দুর্নীতি দমন কমিশন তার সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে।
দুদকের অনুসন্ধানে বেনজীর ও তার পরিবারের নামে জমি, ফ্ল্যাট, রিসোর্ট, কোম্পানির শেয়ার এবং ব্যবসায়িক বিনিয়োগের তথ্য উঠে আসে। আদালতের নির্দেশে এসব সম্পদের একটি অংশ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।
পরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দেশ ছাড়েন বেনজীর। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। এসব মামলার একটিতে তার বিচারও শুরু হয়েছে।
পরবর্তী সময়ে ঢাকার আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।








