বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রশ্ন প্রণয়ন, মুদ্রণ ও সংরক্ষণের প্রতিটি ধাপে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এখন থেকে প্রশ্নপত্র ছাপানো হচ্ছে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রেসে। পাশাপাশি প্রশ্ন সংরক্ষণের ভল্টে প্রবেশে ব্যবহার করা হচ্ছে ফেসলক প্রযুক্তি।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়েছে। মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে পিএসসি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আব্দুল বারী কমিশনের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।
নিজস্ব ডিজিটাল প্রেসে প্রশ্ন মুদ্রণ
আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) অথবা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপানো হতো। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র মুদ্রণ করা হচ্ছে।
প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে যুক্ত সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা কাজ শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রেসেই অবস্থান করেন। এ সময় তাদের কাছে বাইরের সঙ্গে যোগাযোগের জন্য কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস থাকে না। পুরো কার্যক্রম পিএসসি চেয়ারম্যান নিজে তদারকি করেন।
ভল্টে ‘ফেসলক’ ও সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা
বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে। এখন শুধু সংশ্লিষ্ট সদস্য ও মনোনীত কর্মকর্তারা ফেসলক প্রযুক্তির মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন। ভল্টরুম এলাকায় সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
এ ছাড়া প্রশ্নপত্র সংরক্ষিত ভল্টরুমের নিরাপত্তায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
কমিশনে বসেই প্রশ্ন প্রণয়ন
প্রশ্নফাঁসের ঝুঁকি কমাতে প্রশ্ন প্রণয়নের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে প্রশ্নকর্তারা বাসায় বসে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। বর্তমানে তাদের পিএসসিতে এসে নির্ধারিত গোপনীয় কক্ষে প্রশ্ন প্রণয়নের কাজ শেষ করতে হয়।
এরপর প্রশ্নপত্র সিলগালা করে সরাসরি সংশ্লিষ্ট সদস্যের কাছে জমা দেওয়া হয় এবং একই দিন তা ভল্টে সংরক্ষণ করা হয়। প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জনের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
খাতা মূল্যায়নে কড়াকড়ি ও অটোমেশন
লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সার্কুলার পদ্ধতি চালু করেছে পিএসসি। এ পদ্ধতিতে পরীক্ষকরা উত্তরপত্র বাসায় নিতে পারেন না। কমিশনে এসে নির্ধারিত দলের মাধ্যমে খাতা মূল্যায়ন করতে হয়।
এ ছাড়া আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ওএমআর মেশিনের মাধ্যমে প্রস্তুত করা হয়।
মৌখিক পরীক্ষায় নতুন নিয়ম
মৌখিক পরীক্ষায় স্বচ্ছতা বাড়াতেও নতুন নিয়ম চালু করেছে কমিশন। পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে নির্ধারণ করা হয় কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন।
আগে থেকে বোর্ড ও দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞদের বিষয়ে তথ্য জানার সুযোগ না থাকায় মৌখিক পরীক্ষায় অনিয়মের ঝুঁকি কমবে বলে মনে করছে কমিশন।








