ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে পাঠানো একটি চিঠিকে গণমাধ্যমে আবেদন হিসেবে প্রচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো চিঠিতে শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেছেন—এমন কোনো তথ্য উল্লেখ ছিল না। অথচ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টিকে ‘শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন’ হিসেবে প্রচার করা হয়েছে।

সাইদুর রহমানের ভাষ্য অনুযায়ী, ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠিটি পাঠান। চিঠিতে বলা হয়, সাবেক অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ পরিপ্রেক্ষিতে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে বিষয়টি দ্রুত প্রক্রিয়াকরণ এবং এ জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্র সম্পর্কে হাইকমিশনকে অবহিত করার অনুরোধ করা হয়। চিঠিতে স্টিভেন পাউলস কেসি নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শদাতা হিসেবে উল্লেখ করেন।

সাইদুর রহমান বলেন, চিঠি পাওয়ার আগেই কয়েকজন দেশি-বিদেশি সাংবাদিক তাকে রয়টার্সে প্রকাশিত একটি সংবাদের লিংক পাঠান। পরে ওই সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রায় একই ধরনের শিরোনামে খবর প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ পরিবেশনের প্রতিযোগিতা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচায়ক নয়। চটকদার শিরোনামের পরিবর্তে নীতি, নৈতিকতা ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা উচিত। ‘শোনা কথা’ বা ‘সংশ্লিষ্ট সূত্রের বরাত’নির্ভর সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন তিনি।

ম্যাট্রিক্স চেম্বার্সের ভূমিকা নিয়েও প্রশ্ন

পোস্টে ম্যাট্রিক্স চেম্বার্সের কার্যক্রম নিয়েও মন্তব্য করেন সাইদুর রহমান। তার দাবি, প্রতিষ্ঠানটি গত ১৫ মাসে আন্তর্জাতিক পরিসরে পাঁচবার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করেছে। শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক ফোরামে আবেদন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরোধিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়ার বিরোধিতা এবং আটক সাবেক সংসদ সদস্যদের পক্ষে প্রতিষ্ঠানটি কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন।

সাইদুর রহমানের মতে, এসব বিষয় নিয়েও গণমাধ্যমে আলোচনা হওয়া প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডিত একজন ব্যক্তি পাসপোর্ট পাওয়ার যোগ্য কি না, সে বিষয়ে সরকার ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছে। বন্দি বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টারও ঘাটতি নেই বলে দাবি করেন তিনি।

পোস্টের শেষাংশে গণমাধ্যমকে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রেস মিনিস্টার। তার মতে, সাংবাদিকতা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে এবং শাসক শ্রেণি ও দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি।