জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও যারা এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি, তাদের আবেদন করার সুযোগ দিয়েছে সরকার। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার উপযুক্ত প্রমাণক দিয়ে এ আবেদন করা যাবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন অথবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি—এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

আগ্রহীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আবেদন জমা দিতে পারবেন। ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া আবেদন বিশেষ দূতের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে পাঠানো নিশ্চিত করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ৮৪২ জনের পাশাপাশি তিনটি ক্যাটাগরিতে মোট ১৪ হাজার ৩৬৮ জন আহত জুলাই যোদ্ধার নামে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ ক্যাটাগরিতে ৯৯০ জন, ‘খ’ ক্যাটাগরিতে ১ হাজার ৪১৪ জন এবং ‘গ’ ক্যাটাগরিতে ১১ হাজার ৯৬৪ জন রয়েছেন।

এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে আহত ৯৩১ জনের আবেদন এখনো অনিষ্পন্ন রয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে নতুন করে শহিদ ও জুলাই যোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির আবেদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ে না পাঠাতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছিল। ফলে নতুন আবেদন গ্রহণ ও পাঠানোর কার্যক্রম বন্ধ ছিল।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আহত ব্যক্তিদের গেজেটভুক্তির আবেদন করার সুযোগ দিতে নতুন করে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।