সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকার আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশে প্রবেশ করে সিলেটের রাতারগুলে গোপন বৈঠক করে আবার ভারতে পালিয়ে গেছেন—এমন অভিযোগের পর দেশজুড়ে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্তের পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রঞ্জিত সরকার কোন সীমান্তপথ ব্যবহার করে দেশে প্রবেশ করেছিলেন, কারা তাকে আশ্রয় দিয়েছিলেন এবং গোপন বৈঠকে কারা অংশ নিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সিলেটের রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার রিসোর্টে’ ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনায় অন্তত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি প্রায় ৬০ জনকে শনাক্ত করে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংশ্লিষ্ট নেটওয়ার্কের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর থেকে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোয়েন্দা সূত্রের দাবি, রঞ্জিত সরকার রাতারগুলের কাছের লামাপুঞ্জি সীমান্তপথ দিয়ে দেশে প্রবেশ করেন। পরে পূর্বনির্ধারিত একটি গোপন স্থানে যান। বৈঠক শেষে জৈন্তাপুর থানা এলাকার পাশ দিয়ে একই সীমান্তপথ ব্যবহার করে ভারতে ফিরে যান বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ৫ আগস্টের পর তিনি প্রথমে যুক্তরাজ্যে যান এবং পরে ভারতে অবস্থান নেন বলেও জানা গেছে।

তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের তাহিরপুর ও যাদুকাটা এলাকা থেকে শিক্ষা সফর বা পিকনিকের কথা বলে প্রায় ১৫০ জনকে রাতারগুলে নেওয়া হয়। চারটি বাসে করে আসা এসব মানুষের জন্য রিসোর্টের মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলার সময় একটি গাড়িতে করে রঞ্জিত সরকারসহ কয়েকজন সেখানে প্রবেশ করেন। পরে শিক্ষা সফরের ব্যানার সরিয়ে রাজনৈতিক ব্যানার টাঙানো হয়। সেখানে রঞ্জিত সরকার প্রায় পাঁচ মিনিটের একটি সরকারবিরোধী বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ভারতের মেঘালয়ে অবস্থানরত অনুসারী এবং একটি গোপন নেটওয়ার্কের সহায়তার বিষয়েও তথ্য পাওয়া গেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ৯ নভেম্বর বিকেলে রঞ্জিত সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই বৈঠকের ৫ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে ঘটনাটি।

এরপর পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তদন্ত ও অভিযান শুরু করে। মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার পুলিশের একটি দল ‘সোহেল স্কয়ার রিসোর্টে’ তল্লাশি চালায়। পরে রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে প্রধান ফটকে তালা দেওয়া হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া রয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রিসোর্টটি শনাক্ত করা হয় বলে জানা গেছে। এ ছাড়া বৈঠকে অংশ নেওয়া আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তবে তাদের অনেকে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন এবং মোবাইল ফোন বন্ধ রেখেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় রঞ্জিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এ ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।