জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। কর ফাঁকি রোধ, অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলার সুযোগ কমানো এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় মৌজা মূল্যের পরিবর্তে জমির প্রকৃত বাজারদর নির্ধারণ করবে তিন স্তরের কমিটি।
এ জন্য বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সিটি করপোরেশন এলাকার জমির মূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। এ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার।
পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির মূল্য নির্ধারণ করবে জেলা কমিটি। সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) এ কমিটির নেতৃত্ব দেবেন। অন্যদিকে, এসব এলাকার বাইরে থাকা জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি। এর সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
প্রতিটি কমিটিতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।
জমির ধরন, ব্যবহার, অবস্থান, যাতায়াত ও সড়ক যোগাযোগব্যবস্থা এবং আশপাশের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে কমিটিগুলো বাজারমূল্য নির্ধারণ করবে। নির্ধারিত মূল্যতালিকা টানা তিন বছর কার্যকর থাকবে।
সম্পত্তির মূল্য নির্ধারণে গত বুধবার ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’-এ প্রয়োজনীয় সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সংশোধিত বিধিমালায় ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ফলে কমিটিগুলোকে এখন থেকে ন্যূনতম মূল্য নয়, বরং সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী জানান, আগের পদ্ধতিতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য প্রতিফলিত হতো না। সাধারণত মৌজা মূল্য প্রকৃত বাজারদরের তুলনায় অনেক কম হওয়ায় দুই মূল্যের মধ্যে বড় ব্যবধান তৈরি হতো। এর ফলে কর ফাঁকি এবং অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছিল।
নতুন পদ্ধতির মাধ্যমে জমির বাজারভিত্তিক মূল্য নির্ধারণ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। এতে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার হবে।
অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জমি ও স্ট্যাম্প শুল্ক থেকে সরকারের কোষাগারে ১১ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব জমা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ মূল্যায়ন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত কমিটির মাধ্যমে জমির মূল্য নির্ধারণের এ পদ্ধতি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কার্যকর থাকবে।







