গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনার পর রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ধারণা, ডিসেম্বরকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এসব তৎপরতা ঠেকাতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

পুলিশের দাবি, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ও কৌশল সম্পর্কে তারা আগেই তথ্য পেয়েছে। সে অনুযায়ী রাজধানীসহ বিভিন্ন জেলায় নজরদারি ও অভিযান বাড়ানো হয়েছে।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে পুলিশের সদস্যসংখ্যা বাড়িয়ে দুই হাজারের বেশি করা হয়েছে। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোতায়েন ছয় প্লাটুন থেকে বাড়িয়ে ১০ প্লাটুন করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পেট্রল টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নাশকতায় জড়িত ব্যক্তি ও বিভিন্ন মামলার আসামিদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। অভিযানের ক্ষেত্রে নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ঢাকার প্রবেশপথে বাড়তি নজরদারি

রাজধানীতে নাশকতাকারীদের প্রবেশ ঠেকাতে ঢাকার বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। সাভার, নারায়ণগঞ্জ ও আশপাশের জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বাস ও ট্রাকে করে বাইরে থেকে লোকজন এনে রাজধানীতে জড়ো হওয়ার সম্ভাবনা ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া রাজধানীর সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলগুলোতে নিয়মিত এবং আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা ও মাঠপর্যায়ের কর্মীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের দাবি, নাশকতার জন্য অর্থ, অস্ত্রশস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহের উৎস শনাক্ত করে তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

বিদেশে বসে পরিকল্পনার অভিযোগ

পুলিশ সূত্রের দাবি, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ ও মধ্যম সারির নেতা ভারত, লন্ডন ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বসে নাশকতার পরিকল্পনা করছেন। সম্প্রতি ভারতের কলকাতার রাজারহাট ও নিউটাউন এলাকায় দলটির কয়েকজন নেতার গোপন বৈঠকের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রের ভাষ্য অনুযায়ী, বিদেশ থেকে ভার্চুয়াল যোগাযোগ ও গোপন বৈঠকের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া শেখ হাসিনার সঙ্গে সাম্প্রতিক বৈঠকের ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কণ্ঠের ফোনালাপ ছড়িয়ে দেওয়া এবং ছোট ছোট গোপন দল গঠনের মাধ্যমে কর্মীদের সক্রিয় করার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।

গোপালগঞ্জের ঘটনাকে নাশকতার মহড়া মনে করছে পুলিশ

সম্প্রতি গোপালগঞ্জ জেলা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, সড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফরিদপুর, পিরোজপুর, বাগেরহাট ও মোরেলগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে ওই কর্মসূচিতে অংশ নেওয়ানো হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধারণা, আগামী ১৯ নভেম্বরের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জের ঘটনাটি ছিল বড় ধরনের নাশকতার পরীক্ষামূলক তৎপরতা। দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে কর্মী ও সমর্থকদের ঢাকায় এনে জড়ো করার পরিকল্পনাও থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় একটি নির্দিষ্ট দল বা এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এসব কর্মকাণ্ডে অর্থের বিনিময়ে লোকজন ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অর্থের উৎস শনাক্তে তদন্ত চলছে।

রাজধানীতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি টহল ও তল্লাশির সংখ্যা বাড়ানো হয়েছে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা সাজানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

অন্যদিকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শুধু গোপালগঞ্জ জেলাতেই আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, সম্ভাব্য অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধে বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।