এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। এর মধ্য দিয়ে ১৪তম বাংলাদেশি হিসেবে এই সম্মানজনক পুরস্কার অর্জন করলেন তিনি।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ঐতিহাসিক মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে ৬৮তম র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার তুলে দেওয়া হয়। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কারটি তুলে দেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে আয়োজিত এক পাবলিক লেকচারে নিজের দীর্ঘ কর্মজীবন, সংগ্রাম ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রুনা খান।

সাহস, সততা, জনসেবা এবং এশিয়ার মানব উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৫৮ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে এই পুরস্কার চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এশিয়ার ২৪টি দেশ ও অঞ্চলের ৩৫৯ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সম্মাননা পেয়েছেন।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় রুনা খান বলেন, এই স্বীকৃতি তিনি প্রান্তিক মানুষের পক্ষ থেকে গ্রহণ করেছেন, যারা তাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, মৌলিক সুযোগ-সুবিধা কেবল ব্যক্তিগতভাবে ভোগ করার বিষয় নয়; বরং অন্যদের পাশে দাঁড়ানোর দায়িত্বও এর সঙ্গে জড়িত। এমন একটি সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে প্রত্যেক মানুষ আশা, সুযোগ ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন।

র‌্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া বলেন, রুনা খানের মতো ব্যক্তিরা চারপাশের সমস্যা ও অন্যায় দেখে মুখ ফিরিয়ে নিতে পারেননি। বরং মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই তারা পরিবর্তনের পথ তৈরি করেছেন।

যেভাবে শুরু ফ্রেন্ডশিপের পথচলা

১৯৯৭ সালে যমুনা ও ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে নদীভাঙন, বন্যা ও বাস্তুচ্যুতির শিকার মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখার মধ্য দিয়ে রুনা খানের মানবিক কার্যক্রমের সূচনা হয়।

ওই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকারের সংকট তাকে প্রান্তিক মানুষের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। এর ধারাবাহিকতায় ২০০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।

শুরুতে ভাসমান হাসপাতালের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেয় সংস্থাটি। পরবর্তী সময়ে এর কার্যক্রম বিস্তৃত হয়ে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু অভিযোজন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ পর্যন্ত পৌঁছায়।

বর্তমানে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষ সেবা ও সহায়তা পাচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বীকৃতি

জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক প্রতিবন্ধকতা মোকাবিলায় ফ্রেন্ডশিপের উদ্ভাবিত ‘ইন্টিগ্রেটেড ক্লাইমেট অ্যাডাপটেশন সলিউশন’ (আইকাস) মডেল আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা পেয়েছে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সামনে রেখে সংস্থাটি প্রকৃতিনির্ভর ও দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

এর আগে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে মর্যাদাপূর্ণ ‘আর্থশট’ পুরস্কার অর্জন করে ফ্রেন্ডশিপ। প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এই পুরস্কার অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য অনন্য সম্মান বয়ে আনে সংস্থাটি।