দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতার অবসান ঘটিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নামের গেজেট সংশোধন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি নথিতে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের সঠিক নাম ও পরিচয় ফিরে পেলেন তিনি।
মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে আগের গেজেটে ভুলভাবে অন্তর্ভুক্ত নামের পরিবর্তে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম, পিতার নাম ও ঠিকানা সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তার পিতার নাম মৃত চিত বিনোদ কুন্ডু। ঠিকানা নারায়ণগঞ্জের লয়েল ট্যাংক রোডের ২৫/বি নম্বর বাড়ি।
জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা ভারতে গিয়ে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলেন। এসব ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা। সেই দলের অন্যতম সদস্য ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন নথি ও দলিলে তার নাম সঠিকভাবে উল্লেখ থাকলেও সরকারি গেজেটে ভুলবশত তার নামের পরিবর্তে ‘পবিন্দ কুন্ড’ এবং পিতার নাম ‘সুকুমার কুন্ড’ লেখা হয়েছিল। ঠিকানাতেও ভুল ছিল।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরার পর ২০২২ সাল থেকে গেজেট সংশোধনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেন তিনি। এ সময় সতীর্থদের প্রত্যয়নপত্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রমাণপত্র ও হলফনামাসহ প্রয়োজনীয় নথি জমা দেন। তবে দীর্ঘদিনেও সমস্যার সমাধান হয়নি।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয়। তদন্ত শেষে জেলা প্রশাসক জানান, আগের গেজেটে উল্লেখ করা ‘পবিন্দ কুন্ড’ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে প্রাণ গোবিন্দ কুন্ডুই স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। অর্থাৎ তদন্তেই তার প্রকৃত পরিচয় নিশ্চিত হয়েছিল।
এরপরও দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট নথি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে ছিল। বয়সের ভারে ন্যুব্জ এই মুক্তিযোদ্ধার একমাত্র প্রত্যাশা ছিল জীবদ্দশায় সরকারি গেজেটে নিজের সঠিক নাম ও মুক্তিযোদ্ধার পরিচয় দেখে যাওয়া।
সম্প্রতি বিষয়টি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার হস্তক্ষেপে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।
এর মধ্য দিয়ে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো স্বাধীন বাংলা ফুটবল দলের এই সদস্যের। সরকারি নথিতে ফিরে পেলেন নিজের সঠিক পরিচয় ও বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি।








