রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার মিরপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে হেমায়েতপুর, ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।
এ ছাড়া গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকা।
অন্যদিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং কার্যক্রম সমন্বয়ের জন্য সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।








