দ্রুততম সময়ের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে।

এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে অপরপক্ষের কাছ থেকে এখনো কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে গঙ্গা পানি চুক্তি নবায়নের সম্ভাবনা দেখছেন না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পানি বণ্টন চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্পর্ক নেই।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, গোপালগঞ্জে তুলনামূলক কম বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।