গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও ধারাবাহিক কার্যক্রমের ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে। এই অর্জনের ফলে আগামী দিনে বাংলাদেশের বড় বড় প্রকল্পে মার্কিন বিনিয়োগ আসার পথ আরও সহজ হবে।

তিনি জানান, অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ার সুযোগ তৈরি হবে। এর ফলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে বর্তমান সরকারের ইতিবাচক কার্যক্রম এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। মাহদী আমিন বলেন, অতীতে শ্রমিকদের স্বার্থবিরোধী বিভিন্ন নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়নের সুযোগ তৈরি হয়নি। তবে বর্তমান সরকার শ্রমবান্ধব নীতি গ্রহণ ও নতুন শ্রম আইন প্রণয়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও সুরক্ষাকে গুরুত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের আস্থা তৈরি হয়েছে। গত কয়েক মাসে সরকারের নীতির ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতির কারণেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

মাহদী আমিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও স্বনির্ভর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিএফসির অর্থায়নের আওতায় বিনিয়োগের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, প্রতিটি প্রকল্প আলাদাভাবে যাচাই করে ‘কেস টু কেস’ ভিত্তিতে অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার নতুন সুযোগ তৈরি হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলে বাংলাদেশ ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে। শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাব তৈরিতে ভূমিকা রেখেছে।

তিনি আশা প্রকাশ করেন, ডিএফসির অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।