উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় বর্তমানে পদ্মা নদীর পানিপ্রবাহ প্রায় ৮০ শতাংশ কমে গেছে। একই সঙ্গে পদ্মার শাখা নদ-নদীর মধ্যে অন্তত ১০টি প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে। নদী নিয়ে কাজ করা সংগঠন রিভারাইন পিপলের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণা অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব পড়েছে পদ্মা ও এর শাখা নদ-নদীর ওপর। ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি প্রত্যাহারের ফলে পদ্মায় পানির প্রবাহ কমেছে, বিভিন্ন স্থানে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। পানির অভাবে শুকিয়ে গেছে পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী। অন্যদিকে কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমার নদও মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে।
কপোতাক্ষ নদের কোথাও হাঁটুপানি থাকলেও অনেক স্থানে পানি নেই বললেই চলে। স্থানীয়দের ভাষ্য, বর্তমানে নদীতে যে সামান্য পানি দেখা যায়, তার বেশির ভাগই বৃষ্টির পানি। গঙ্গা থেকে আগের মতো পানি আসে না।
পানি সংকটে ক্ষতিগ্রস্ত পদ্মার শাখা নদীগুলোর মধ্যে অন্যতম বড়াল। রাজশাহী থেকে ভাটিতে চারঘাট এলাকায় পদ্মা থেকে এই নদীর উৎপত্তি। সরেজমিনে দেখা যায়, বড়ালের উৎসমুখে বিশাল চর জেগেছে। নদীর দুই পাশে পলি জমে উঁচু হয়ে গেছে, মাঝখানে পানি প্রবাহিত হচ্ছে সরু নালার মতো পথে।
পদ্মা থেকে রাজশাহী ও নাটোর হয়ে যমুনা পর্যন্ত বিস্তৃত বড়াল নদীর সঙ্গে স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও স্মৃতি জড়িয়ে রয়েছে। চারঘাট এলাকার প্রবীণ শিক্ষক মোহাম্মদ রেজাউল করীম জানান, একসময় এ নদীতে বড় বড় নৌকা চলাচল করত। বর্তমানে নদীর সেই চেহারা আর নেই।
নদী গবেষকদের মতে, ফারাক্কা বাঁধ পদ্মার মূল প্রবাহের পাশাপাশি এর শাখা নদ-নদীর স্বাভাবিক পানিপ্রবাহেও মারাত্মক প্রভাব ফেলেছে। পানি বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ফারাক্কা বাঁধের নির্মাণকাজ শুরু হয় ১৯৬১ সালে এবং শেষ হয় ১৯৭৫ সালে। প্রায় ২ হাজার ২৪০ মিটার দীর্ঘ এই বাঁধের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভিযোগ, শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানি প্রত্যাহারের কারণে পদ্মায় পানির সংকট তৈরি হচ্ছে। এতে নদীর গতিপথ সংকুচিত হওয়ার পাশাপাশি বিস্তীর্ণ চর জেগে উঠছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীনির্ভর জীববৈচিত্র্য, কৃষি ও মানুষের জীবন-জীবিকা।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে ফারাক্কা বাঁধ নির্মাণের যুক্তি হিসেবে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে বাঁধটির প্রভাব নিয়ে ভারতের অভ্যন্তরেও বিতর্ক রয়েছে। বিহার রাজ্য সরকারও বিভিন্ন সময়ে ফারাক্কা ব্যারাজ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, বাঁধের কারণে রাজ্যে বন্যা ও নদীভাঙনের সমস্যা বাড়ছে।
স্প্রিঙ্গার নেচারের ডিসকভার ওয়াটার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, উজানে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলের কৃষি কার্যক্রম, মাটির উর্বরতা ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষণায় বৃহত্তর কৃষি খাতে বছরে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির হিসাব উল্লেখ করা হয়েছে। তবে এই ক্ষতির পুরোটা ফারাক্কা বাঁধের কারণে হয়েছে—এমন নয়। অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও এতে ভূমিকা রাখছে।
এ ছাড়া গঙ্গার পানি প্রত্যাহারের ফলে গড়াই অববাহিকায় লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। গবেষণার তথ্য অনুযায়ী, লবণাক্ততার কারণে আঞ্চলিক ধান উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বোরো ধানের ফলন সর্বোচ্চ ৮৬ শতাংশ এবং আমন ধানের ফলন ৭১ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।
তবে দেশের সামগ্রিক ধান উৎপাদন গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ১৯৭১-৭২ অর্থবছরে দেশে ধান উৎপাদন ছিল প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৫৯ লাখ টন। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে প্রায় ৪ কোটি ৬ লাখ টনে পৌঁছেছে। আধুনিক বীজ, সার ও সেচব্যবস্থার উন্নতির ফলে এই উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তবে গবেষকদের মতে, উজানের পানিপ্রবাহ কমে যাওয়া ও লবণাক্ততার প্রভাব না থাকলে উৎপাদন আরও বেশি হতে পারত।
অভিন্ন নদ-নদী নিয়ে বাংলাদেশ ও ভারতের আলোচনার ধরনেও পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন গবেষকরা। এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নজরুল ইসলামের মতে, দুই দেশের মধ্যে নদী নিয়ে আলোচনায় এতদিন বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি বেশি গুরুত্ব পেয়েছে। অথচ নদীর প্রাকৃতিক ভূমিকা ও বাস্তুতন্ত্রের সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন।
তিনি মনে করেন, প্রতিটি নদী নিজস্ব উপত্যকায় একটি বাস্তুতন্ত্র গড়ে তোলে এবং তা টিকিয়ে রাখে। নদীর প্রাকৃতিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ মেয়াদে এর অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্বও কমে যায়। তাই নদী ব্যবস্থাপনায় প্রকৃতিবান্ধব দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি।
পদ্মা নদীর তীরবর্তী এলাকার প্রবীণ বাসিন্দাদের ভাষ্য, একসময় নদীতে প্রবল স্রোত ছিল। নৌকা ভেড়ানোও ছিল কঠিন। এখন অনেক স্থানে নদীর জায়গা দখল করেছে বিস্তীর্ণ চর। পানির প্রবাহ কমে যাওয়ায় জেলেদের মাছ পাওয়ার পরিমাণও কমেছে। আগের অনেক প্রজাতির মাছ এখন আর তেমন পাওয়া যায় না। ফলে অনেকে মাছ ধরা পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মতে, গড়াই নদী পদ্মার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী ও সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বজায় রাখতে এই নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ। একসময় গড়াই নদীর প্রায় ৪৪ কিলোমিটার এলাকায় চর জেগেছিল। বর্তমানে ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে নদীটি সচল রাখার চেষ্টা চলছে।
কুষ্টিয়া অঞ্চলের ১১টি নদী পদ্মা ও গড়াইয়ের সঙ্গে যুক্ত। ফলে পদ্মায় পর্যাপ্ত পানি না থাকলে এসব নদীর অস্তিত্বও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নদ-নদীর পাশাপাশি পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়েও উদ্বেগ রয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই সেচ প্রকল্প সম্পূর্ণভাবে পদ্মার পানির ওপর নির্ভরশীল। ষাটের দশকে চারটি জেলার প্রায় এক লাখ হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যে প্রকল্পটি গড়ে তোলা হয়। কিন্তু ফারাক্কা বাঁধের কারণে বিভিন্ন সময়ে পানির সংকট দেখা দেওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।








