সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলার সুযোগ নেই। সরকারকে অন্যায় চাপ দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করার সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের কোনো আসামির বিষয়ে সিদ্ধান্ত দেশের আইন অনুযায়ীই নির্ধারিত হবে। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। সরকার এ বিষয়ে কোনো চাপের মধ্যে নেই।

এদিকে দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে শুধু বিনোদনের সুযোগই তৈরি হবে না, তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা কমাতেও সহায়তা করবে। সরকার এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সঙ্গে সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কী দাবি জানানো হবে এবং কীভাবে তা উপস্থাপন করা হবে, যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা বা সমঝোতার সরাসরি কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তার ভাষ্য, দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি সই হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো সাধারণত অনেক আগেই চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল আয়োজনও বেআইনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব কর্মসূচিকে কেন্দ্র করে নৃশংসতা ও সহিংসতার ঘটনা ঘটেছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমনভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অভিযান কার্যকর হয় এবং বলপ্রয়োগের মাত্রা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। সহিংসতার ঘটনায় যাদের ছবি ও ভিডিও ফুটেজে শনাক্ত করা গেছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।