সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও সুপারিশপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পরও শূন্য থাকা এক হাজার ৫৫৪টি পদে নিয়োগের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। অপেক্ষমাণ তালিকা তৈরি করে এসব পদে নিয়োগ দেওয়া না হলে কাফনের কাপড় পরে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এতে দেশের ৬৪ জেলা থেকে আসা চাকরিপ্রত্যাশীরা অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান শেষে এক হাজার ৫৫৪টি পদ শূন্য রয়েছে। নিয়োগসংক্রান্ত পরিপত্র অনুযায়ী, অপেক্ষমাণ তালিকা তৈরি করে এসব পদে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে।

তাদের দাবি, ২০২৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুই দফায় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করেছিল। কিন্তু এবার একই পদ্ধতিতে নিয়োগ দেওয়া হচ্ছে না কেন, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।

মানববন্ধনে অংশ নেওয়া এক চাকরিপ্রত্যাশী বলেন, দেশের ৬৪ জেলা থেকে প্রার্থীরা ঢাকায় এসেছেন। অনেক নারী প্রার্থী ছোট সন্তান কোলে নিয়েও কর্মসূচিতে অংশ নিয়েছেন। অপেক্ষমাণ তালিকা তৈরি করে শূন্য পদে নিয়োগ দেওয়া তাদের ন্যায্য দাবি, এটি কারও দয়া বা অনুগ্রহ নয়।

তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসবেন। সময় থাকতে কর্তৃপক্ষকে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে দাবি আদায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। এতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে দেশের ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে দেড় হাজারের বেশি প্রার্থী বিভিন্ন কারণে চাকরিতে যোগদান করেননি। ফলে উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য রয়েছে।

আন্দোলনকারীদের ভাষ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের সুযোগ রাখা হয়েছে। পরিপত্রের অনুচ্ছেদ (গ) অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থী যোগদান না করলে কিংবা যোগদানের পর পদত্যাগ করলে সংশ্লিষ্ট বিভাগীয় পদোন্নতি কমিটির সভায় অপেক্ষমাণ তালিকা ও উত্তীর্ণ প্রার্থীদের ফল উপস্থাপন করে শূন্য পদে নিয়োগের সুপারিশ করা যাবে।

এ ছাড়া পরিপত্রের অনুচ্ছেদ (খ) অনুযায়ী, প্রথম নিয়োগের সুপারিশের তারিখ থেকে অপেক্ষমাণ তালিকার মেয়াদ এক বছর বহাল থাকবে।

চাকরিপ্রত্যাশীরা মনে করেন, নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজন না করে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী নিয়োগ দেওয়া হলে সরকারের অর্থ ও সময় সাশ্রয় হবে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটও কমবে।

কর্মসূচি থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে দ্রুত অপেক্ষমাণ তালিকা প্রকাশ এবং শূন্য পদগুলোতে নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানান তারা।

এর আগে একই দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এবং রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।