বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (২৩ নভেম্বর) এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত এ প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের গরুর মাংসের গুণগত মানই এর পরিচয় তুলে ধরবে। এ ক্ষেত্রে আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের শুরু হতে পারে হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল গরুর মাংস আমদানির অনুমতি দেওয়ার মাধ্যমে। এরপর বাজারের চাহিদা ও ভোক্তাদের আগ্রহই নির্ধারণ করবে, এই মাংসের বাজার কতটা সম্প্রসারিত হবে।

মার্কিন রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংসের জন্য একটি সম্ভাবনাময় বাজার রয়েছে।

তার এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশের হোটেল, রেস্তোরাঁ ও খাদ্যসেবা খাতে যুক্তরাষ্ট্রের গরুর মাংসের নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।