১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার’ বিষয়ে প্রকাশিত খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং দেশের মানুষের সমর্থনের ওপর আস্থাশীল। দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের শক্ত অবস্থান রয়েছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলেও মানুষ এতে আতঙ্কিত হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দিল্লির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বাংলাদেশের মানুষ এসব কর্মকাণ্ডের পেছনের শক্তি সম্পর্কে অবগত রয়েছে বলেও দাবি করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির যেকোনো চেষ্টা সরকার কঠোরভাবে মোকাবিলা করবে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করানো সম্ভব। তবে খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। শেখ হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী হিসেবে দেশে ফিরতে পারবেন না।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরিয়ে বন্দি হিসেবেই ফিরতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি দেখতে চায় না। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।








