বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দিল্লিসহ বিশ্বের যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশি মিশনে গেলে তাকে গ্রেফতার করা হবে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে একই দিন সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরিয়ে বন্দি হিসেবেই ফিরতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।
১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ভারত থেকে ঢাকায় ফেরার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চাওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট একটি তারিখ উল্লেখ করেছেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।








