পবিত্র রমজান মাস শুরুর আগেই দেশের ভোজ্যতেলের বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের উচ্চমূল্য, আমদানি ও পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে প্রতি লিটারে ১৪ টাকা দাম বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মক্তাদিরের সঙ্গে বৈঠক করেন ভোজ্যতেল ব্যবসায়ীদের প্রতিনিধিরা। তবে বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তেলের উৎপাদন খরচসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
যে হারে দাম বাড়ানোর প্রস্তাব
ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা করার কথা বলা হয়েছে। একইভাবে পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে গত অক্টোবরেও একই হারে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে তখন সরকার সেই প্রস্তাব নাকচ করে দেয়। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার দাবি ব্যবসায়ীদের
ব্যবসায়ীদের দাবি, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং মূল্য ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ডলারের উচ্চমূল্য, আমদানি ও পরিবহণ ব্যয় বৃদ্ধির কারণে দেশের বাজারে তেলের দাম সমন্বয় করা প্রয়োজন।
তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। অর্থাৎ এ সময়ে ভোজ্যতেল আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।
রমজানের আগে দাম বাড়ানো নিয়ে উদ্বেগ
বাণিজ্যমন্ত্রী বৈঠকে বলেন, সামনে রমজান এবং ইরান যুদ্ধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ রয়েছে। এ অবস্থায় ভোজ্যতেলের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের ভোগান্তি ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
এ কারণে ব্যবসায়ীদের প্রস্তাবটি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে রমজানকে সামনে রেখে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবে সাধারণ ভোক্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সয়াবিন তেলের বর্তমান নির্ধারিত দাম অপরিবর্তিত থাকছে।








