বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নড়াইলের একটি গ্রামে শত শত হিন্দু পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার খবর প্রকাশ করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম। জি ২৪ ঘণ্টা দাবি করে, ৩০০টি হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে। নিউজ১৮ বাংলা জানায়, পুড়িয়ে দেওয়া হয়েছে ২০০টি বাড়ি। রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, হিন্দুদের শত শত সম্পত্তি ধ্বংস করা হয়েছে। তবে এসব দাবির সঙ্গে স্থানীয় পুলিশের তথ্য ও ঘটনাস্থলের বাস্তবতার অসংগতি পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, খবরের কেন্দ্রবিন্দুতে থাকা নড়াইলের বেন্দারচর গ্রামে কোনো হিন্দু পরিবারের বসবাস নেই।

নড়াইলে আসলে কী ঘটেছিল

প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ নভেম্বর বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মী নিহত হন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সমর্থকেরা তাদের হত্যা করেন। এর দুই দিন পর প্রতিশোধমূলক হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ জানায়, চার থেকে ছয়টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ১৫ থেকে ২০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে দৈনিক ওয়াদার এক সংবাদদাতা অন্তত ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নথিভুক্ত করেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও জানান, প্রাথমিক পুলিশি হিসাবের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি।

তবে এসব তথ্যের কোনোটিই প্রমাণ করে না যে শত শত হিন্দু বাড়িঘরকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। পাশের একটি এলাকায় আওয়ামী লীগের এক হিন্দু নেতার বাড়িতে হামলা হয়েছিল। তবে স্থানীয় হিন্দু বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকার অন্য হিন্দু পরিবারগুলোর বাড়িঘরে হামলা চালানো হয়নি।

বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভুল তথ্য

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত ও বানোয়াট খবর প্রকাশের প্রবণতা দেখা যাচ্ছে।

সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছিল। কিছু মানুষ ধর্মীয় পরিচয়ের কারণে আক্রান্ত হন, আবার কেউ কেউ রাজনৈতিক সম্পৃক্ততার কারণে হামলার শিকার হন। তবে প্রকৃত সহিংসতার ঘটনাগুলোকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে অতিরঞ্জিত ও ভিত্তিহীন খবর ছড়াতে থাকে।

২০২৪ সালের আগস্টে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাউ চারটি জ্বলন্ত বাড়ির ভিডিও এমন শিরোনামে প্রচার করেছিল, যাতে মনে হচ্ছিল বাংলাদেশে হিন্দুদের ব্যাপকভাবে হত্যা করা হচ্ছে। অথচ ওই চারটি বাড়ির মধ্যে দুটি ছিল মুসলিম পরিবারের। ওই ঘটনায় গণহত্যার কোনো প্রমাণও পাওয়া যায়নি।

এ ছাড়া ভারতের কিছু প্রতিবেদনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও ইসলামপন্থি সংগঠনগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানের পেছনে কলকাঠি নেড়েছে বলে দাবি করা হয়। এসব দাবির পক্ষে যথাযথ প্রমাণ পাওয়া যায়নি।

বাংলাদেশের তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে জানায়, চার মাসেরও কম সময়ে ভারতের ৪৯টি সংবাদমাধ্যম বাংলাদেশ নিয়ে অন্তত ১৩টি ভুয়া খবর ছড়িয়েছে। পরবর্তী সময়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে ভারতের ৭৩টি সংবাদমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল তথ্যসম্বলিত ১৪০টি প্রতিবেদন প্রকাশ করেছে।

সংখ্যালঘু সুরক্ষা নিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক বক্তব্য

প্রতিবেদনে আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা করা হয়েছে। দলটি নিজেদের ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতির ধারক হিসেবে তুলে ধরে আসছে।

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ হিন্দু। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা হয়। দলটির রাজনৈতিক বক্তব্যে প্রায়ই বলা হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপদ থাকবে; দলটি ক্ষমতা হারালে তারা ঝুঁকির মুখে পড়বে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন ঘটনার কারণে প্রশ্নের মুখে পড়েছে। ২০১৬ সালে শেখ হাসিনার সরকারের আমলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষ হামলার শিকার হন। পাশাপাশি শতাধিক বাড়িঘর এবং ১৭টি মন্দির ভাঙচুর ও লুটপাট করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায়ের ওপর গুরুতর সহিংসতার ঘটনা ঘটেছিল। এসব অভিজ্ঞতা সংখ্যালঘুদের রাজনৈতিক অবস্থান ও নিরাপত্তাবোধে প্রভাব ফেলেছে।

সংখ্যালঘুদের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব

বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে বাস্তব সমস্যা রয়েছে। সাম্প্রদায়িক হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা, বৈষম্যমূলক আচরণ এবং ধর্মীয় পরিচয়ের রাজনৈতিক অপব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে।

তবে আওয়ামী লীগের কোনো সমর্থকের ওপর হামলা হলেই সেটিকে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হিসেবে বিবেচনা করা যায় না। একইভাবে, সরকার পরিবর্তন হলেই দেশে ধর্মীয় বিপর্যয় নেমে আসবে—এমন ধারণারও ভিত্তি নেই।

বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একটি বৈচিত্র্যময় জনগোষ্ঠী। তাদের সবার রাজনৈতিক মত, দলীয় সমর্থন কিংবা ব্যক্তিগত পছন্দ এক নয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুগ্রহ নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভুক্তভোগীদের সঠিক পরিচয় নিশ্চিত করাও জরুরি।

কারণ, সাম্প্রদায়িক সহিংসতা যেমন বাস্তব সংকট, তেমনি সেই সহিংসতাকে ঘিরে মিথ্যা তথ্য ও রাজনৈতিক প্রচারণাও সমাজের জন্য বিপজ্জনক।