স্কুল প্রাঙ্গণে নিয়ন্ত্রণহীন গাড়ির চাপায় শিক্ষিকা-ছাত্রীর মৃত্যু
হেড অফ ডিজিটাল মিডিয়া


মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকার আব্দুল আলিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে নিয়ন্ত্রণহীন একটি পিকআপের চাপায় একজন নারী শিক্ষক ও প্রথম শ্রেণির ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্কুলটির শিক্ষক ও স্থানীয় ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা নাসরিন (৩৫) এবং প্রথম শ্রেণির ছাত্রী জেরিন তাসনিম (৭)। নিহত তাসনিমের বাবা স্থানীয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির একটি গাড়ি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখত। সোমবার বিরতির সময় শিক্ষার্থীরা মাঠে আসে। এ সময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশে স্টার্ট দিলে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। শিক্ষিকা ফাতেমাসহ আরও ৬ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মুন্নু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন জানান, ঘাতক গাড়িটির চালককে আটক করেছে এলাকাবাসী। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



