

বাংলাদেশের টিকা কার্যক্রম নিয়ে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড।
সোমবার (২১মার্চ) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত ছিলেন।
ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বড় অংশ টিকাদান কর্মসূচির আওতায় এসেছে। টিকাদানে বাংলাদেশ সফলতা অর্জন করেছে এবং আরও উন্নতি করবে। বাংলাদেশের টিকা কর্মসূচির অগ্রগতি প্রশংসনীয়।
ন্যুল্যান্ড আরও বলেন, বাংলাদেশের এই কর্মসূচিতে শুরু থেকেই যুক্তরাষ্ট্র সহযোগিতা করে এসেছে। বিশাল জনগোষ্ঠী টিকার আওতায় নিয়ে আসা, বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ সবাইকে টিকার আওতায় আনা সহজ কাজ নয়। এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগামীতেও যুক্তরাষ্ট্র সহায়তা করবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে এ পর্যন্ত ২২ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ফাইজার এবং মডার্নার তৈরি ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব টিকা আমরা জনগণকে দিয়েছি। যুক্তরাষ্ট্র জানিয়েছেন আগামীতে আরও টিকা লাগলে তারা দেবেন।
মন্ত্রী জানান, টিকা পরিবহনের জন্য ১৮টি ফ্রিজার ভ্যান দিয়েছে যুক্তরাষ্ট্র, প্রশিক্ষণের জন্য সহায়তা করেছে। আগামীতেও তারা এ সহায়তা অব্যাহত রাখবেন। আমরা আশা করি মার্কিন জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজুলল কবীর প্রমুখ।



