নারী ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্সের পর বড়সড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকায় বড় ধরনের কাটছাঁট করা হয়েছে।

গত বছর ২০ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন। এবার সেই সংখ্যা কমিয়ে আটজনে নামিয়ে আনা হয়েছে। শুক্রবার নতুন চুক্তির তালিকা প্রকাশ করে পিসিবি। এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

নতুন তালিকায় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা ও বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল।

‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন মুনিবা আলি সিদ্দিকি, নাশরা সান্ধু ও সিদরা আমিন। আর ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা ও সাদাফ শামাস। নতুন চুক্তিতে ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরি বাদ দেওয়া হয়েছে। গত বছরের চুক্তিতে এই দুই বিভাগে মোট ১২ জন ক্রিকেটার ছিলেন।

বিশেষ করে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে গত বছরই ‘ই’ ক্যাটাগরি চালু করেছিল পিসিবি। তবে সেই বিভাগে চুক্তি পাওয়া দুই ক্রিকেটার ইমান ফতিমা ও শাওয়াল জুলফিকার এবার নতুন তালিকায় জায়গা পাননি।

শুধু তরুণ ক্রিকেটাররাই নন, বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকেও কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে। এ তালিকায় রয়েছেন আলিয়া রিয়াজ, ডায়না বেজ, রামিন শামিম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ, আরুব শাহ, তুবা হাসান, উম্মে-হানি ও ওয়াহিদা আখতার।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স ও ফিটনেস বিবেচনা করেই নতুন চুক্তির তালিকা তৈরি করা হয়েছে। ছেলেদের কেন্দ্রীয় চুক্তির মতো নারীদের ক্ষেত্রে আলাদা ফরম্যাটভিত্তিক বিভাগ রাখা হয়নি।

দলের সাম্প্রতিক ব্যর্থতা সত্ত্বেও অধিনায়ক ফতিমা সানার সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পাওয়া উল্লেখযোগ্য।