টেকনাফের সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোহাম্মদ ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাঝিপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার দুপুরে সেন্টমার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট শুরু হয়।
পরে তাকে দ্বীপের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে স্পিডবোটে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, ইব্রাহিমের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল। চিংড়ি মাছ খাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান বলেন, ইব্রাহিমকে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার সঙ্গে থাকা ব্যক্তিরা চিকিৎসকদের জানিয়েছেন, আগে থেকেই তার অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল। অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের এভাবে মৃত্যু হওয়া অত্যন্ত দুঃখজনক।









