সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা ও হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজীব মামলাটি করেন।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিমানবন্দরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ঘটনাস্থলে গেলে তার সঙ্গে আখতারুজ্জামানের বাগ্‌বিতণ্ডা হয় বলে অভিযোগ করা হয়েছে।

citytouch 728-X-90

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।