নারায়ণগঞ্জের বক্তাবলীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের আয়োজনের খবর পেয়ে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা নেতাকর্মীদের কয়েকজন সরে যান বলে জানা গেছে। বুধবার দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাদির সিবিআইয়ের বাড়িতে ওই বৈঠকের আয়োজন করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৈঠকে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছামেদ আলী, ৬ নম্বর ওয়ার্ডের সম্পাদক হাসান আলী, বক্তাবলী ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মান্নেক খান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মেসিসহ প্রায় ১৪ থেকে ১৫ জন উপস্থিত ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, বৈঠকে উপস্থিত ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে। বৈঠক চলাকালীন নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি দল কাদির সিবিআইয়ের বাড়িতে উপস্থিত হলে পরিস্থিতি পাল্টে যায়। এ সময় ডিবির সামনে পথরোধ করতে নারীদের পাঠিয়ে দিয়ে ছামেদ আলীসহ কয়েকজন নেতাকর্মী সরে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ডিবি পুলিশের একাধিক সূত্র জানায়, ছামেদ আলীসহ কয়েকজন নেতাকর্মীকে শনাক্ত করতে না পারায় তারা ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন। তবে জেলা গোয়েন্দা পুলিশ বলছে, তাদের অভিযানটি ছিল নিয়মিত অভিযানের অংশ; কোনো রাজনৈতিক বৈঠককে কেন্দ্র করে অভিযান চালানো হয়নি। এদিকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান আওয়ামী লীগ নেতার বাড়িতে তার বৈঠকে থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, আওয়ামী লীগ নেতার বাড়িতে তার কোনো বৈঠক ছিল না। কাদির সিবিআই ছাত্রলীগ করেছেন, সেটিও তার জানা নেই বলে দাবি করেন তিনি। ঘটনাটি নিয়ে বক্তাবলী এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা
বক্তাবলীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান; বিএনপির সভাপতির অস্বীকার
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








