হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন সংসদ সদস্য। তারা হলেন — শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী ও খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন। এই চার সংসদ সদস্যের অভিযোগ, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটে মদিনা থেকে ঢাকায় অবতরণ করে বিমানের বিজি৩৩৮ ফ্লাইটটি। কিন্তু অবতরণের তিন ঘণ্টা পেরিয়ে গেলেও বেশির ভাগ যাত্রী তাদের ট্যাগযুক্ত লাগেজ বুঝে পাননি। ওই ফ্লাইটে অন্তত ৩৫ জন সংসদ সদস্যসহ সাধারণ যাত্রীরা ছিলেন। এ ঘটনায় যাত্রী হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, লাগেজ না পাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হলেও যৌক্তিক কারণ জানানো কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখা যায়নি। এতে যাত্রীদের মধ্যে ভোগান্তি ও হয়রানির সৃষ্টি হয়। ওই অভিযোগের কপির ছবি নিজ ফেসবুক পেজে প্রকাশ করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভোগান্তির শেষ কোথায়? সাধারণ যাত্রীদের পক্ষ থেকে কর্তব্যে অবহেলার কারণে আমরা চারজন সংসদ সদস্য এই অভিযোগ দাখিল করলাম।’ ওই অভিযোগের কপি বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ পেয়েছে বলে বিমান সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির
মদিনা থেকে আসা বিজি৩৩৮ ফ্লাইটের লাগেজ নিয়ে তিন ঘণ্টার ভোগান্তি
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








