বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেলা পৌনে দুইটার দিকে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন; প্রায় ২০ মিনিট আলোচনার পর একাই বেরিয়ে যান। বের হওয়ার সময় পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তদন্ত হোক।’ পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না — এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’ তবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি নিশ্চিত করেছেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছিলেন, বুধবার রাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। দ্রুততম সময়ে পদত্যাগ না করলে আরও কঠোর ব্যবস্থার কথাও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি তদন্তে দোষি প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, নিরপেক্ষ তদন্ত চলছে; প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হলে চার্জশিট দেওয়া হবে এবং কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এখতিয়ারে নয়, এটা স্পিকার জানতে পারবেন।’ উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর পর তার ভূমিকা ও রাজনৈতিক দায় নিয়েও আলোচনা শুরু হয়। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তাঁর সঙ্গে দেখা করেছি।’