হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির জন্য প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে চরম আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর ও দন্ত্য চিকিৎসক ডা. ওরাকাতুল জান্নাত। এক ফেসবুক লাইভে তিনি বলেন, ‘এত ভোগান্তি, এগুলো আসলে কাকে বলবেন? আমাদের কিসমত! আমরা এমন এক দেশে জন্মাইছি।’ বৃহস্পতিবার (১ অক্টোবর) পবিত্র ওমরা হজ থেকে ফেরার পথে দীর্ঘ ভোগান্তির মুখোমুখি হন তিনি। অভিজ্ঞতার বর্ণনা দিয়ে ডা. ওরাকাতুল জান্নাত বলেন, ‘আমরা ৯টা বাজার ৫ মিনিট আগে ল্যান্ড করছি। এখন বাজে হচ্ছে সকাল ১১টা। ট্রলির জন্য প্রথমে আমরা আধা ঘণ্টা–৪০ মিনিট লাইনে দাঁড়ালাম। ট্রলির লাইন শেষ হলো, ওয়েট করতে করতে লাগেজ আসে না। এখন বাজে সাড়ে ১১টা, অলমোস্ট ৩ ঘণ্টা! ৩ ঘণ্টার ভোগান্তি... এই ভোগান্তি বলার মতো না।’ পরে লাগেজ পান তিনি। লাইনে দাঁড়ানো ব্যক্তিদের দেখিয়ে ডা. ওরাকাতুল জান্নাত আরও বলেন, ‘এত ভোগান্তি, এগুলো আসলে কাকে বলবেন? আমাদের কিসমত! আমরা এমন এক দেশে জন্মাইছি। বলে না যে পাপের কারণে আমরা জন্মাইছি! কোনো এক পাপ হইছিল এইজন্য এই দেশে আমরা জন্মাইছি এবং এই সাফারিংগুলা আমাদের জন্য জীবনভরের সাফারিং! এই সাফারিংগুলা কোনোদিন শেষ হবে না।’ তিনি বলেন, ‘বাংলাদেশে জন্মগ্রহণ করা এটা এখন মনে হয় যে একটা পাপের পর্যায়ে পড়ে গেছে।’ ফেসবুক লাইভে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজধানী ঢাকায় আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে যখন আপনি, আপনারা, আমরা নামব আমাদের জন্য দুনিয়ার ভোগান্তি অপেক্ষা করবে।’ এর আগে নানা সময় বিমানবন্দরে ভোগান্তির মুখোমুখি হলেও এমন নজিরবিহীন পরিস্থিতি আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।