বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১ অক্টোবর) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ পরিকল্পনার কথা তুলে ধরেন। সংরক্ষিত নারী আসন হওয়ায় পরবর্তী সময়ে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে আসনটি পূরণ করা হবে। নির্বাচন কমিশনার বলেন, ‘আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন দিয়ে আসনটি পূরণ করা হবে।’ তিনি জানান, এ শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে — একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে তখন ভোট হবে; একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তিনি আরও বলেন, যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে। এদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, পদত্যাগ করার পরও পরবর্তী নির্বাচনে অংশ নিতে মিষ্টির কোনো বাধা নেই। বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে দলীয় মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার দুটি পরিস্থিতির কথা বলা হয়েছে — তিনি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে। মিষ্টির ক্ষেত্রে স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি প্রযোজ্য হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, পরবর্তী সংসদ নির্বাচনে মিষ্টি দলীয় মনোনয়ন নিয়ে সরাসরি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন; দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। দলীয় প্রধানের নির্দেশের পর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় কোনো আইনি জটিলতা নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘দল যদি তাকে মনোনয়ন না দিত, তিনি তো আর এমপি হতে পারতেন না। তো দলের প্রধান হিসেবে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যদি কাউকে মনে করেন এবং সংশ্লিষ্ট এমপি যদি সেটা মানেন, তো এর মধ্যে তো কোনো দোষের কিছু নেই।’ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রসঙ্গে তিনি বলেন, তিনি নিজে পদত্যাগ করেননি; তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু দল থেকে বহিষ্কার হওয়ার কারণে সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয় না। উল্লেখ্য, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ অভিযোগ ঘিরে সমালোচনা শুরু হলে সংসদ সদস্য পদ থেকে মিষ্টিকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিকালে সংসদ সচিবালয় বিজ্ঞপ্তির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে।