মাগুরায় এবার এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৯ হাজার টাকা। মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা (৫৫) নামে ওই গ্রাহকের বিদ্যুৎবিল এসেছে ২৯ হাজার ১শ ৩৮ টাকা। তার মিটারে ব্যবহৃত বিল দেখানো হয়েছে ২০ ইউনিট। অথচ বিল পেপারে এসেছে প্রায় ৩০ হাজার টাকা। এ বিষয়ে ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তিনি তার বাড়ির বিদ্যুৎবিল ২০০ থেকে ২৫০ টাকা করে দিয়ে আসছেন। এবারের বিদ্যুৎবিলে তাতে ২০ ইউনিট ব্যবহৃত বিলে প্রায় ৩০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এতে তিনি চিন্তিত ও অবাক। এটা এক ধরনের ভোগান্তি বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী গ্রাহকের স্বজন ও স্থানীয় সচেতন মহল কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন। উল্লেখ্য, এর আগে আলেয়া নামে এক নারী গ্রাহকের বিদ্যুৎবিল এসেছিল ২৩৫ ইউনিটে ৫০৬ কোটি টাকারও বেশি। যা নিয়ে গোটা দেশে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। এগুলো আসলেই ভুল নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, তা কর্তৃপক্ষকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন সচেতন মহল।