রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার।
জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হোসেন জানান, মিরপুরের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।










